রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে আল কাদেরিয়া নামের একটি হোটেলে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।
হোটেল মালিক ফিরোজ আলম সুমন দাবি করেছেন, সন্ত্রাসীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল। দাবিকৃত টাকা না দেয়ায় এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসীরা টাকা না পেয়ে সন্ধ্যা থেকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এসময় ভয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে গেলে দোকানে লুটপাট চালায় এবং উল্টো হোটেলে তালা লাগিয়ে দেয় তারা।
তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরা থানার ওসিকে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম তরফদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। ঘটনার পরপরই আমরা পুলিশি টহল বাড়িয়েছি। হোটেলটিতে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেটি দেখে সন্ত্রাসীদের সনাক্ত করা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম//