রাজধানীর খিলগাঁও থেকে নকল ভোটার আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ রবিউল করিম জানান, র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া ভুঁইয়াপাড়ায় জাহিদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে নকল ভোটার আইডি কার্ড তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন ভুঁইয়াপাড়া রোডের হোসেন আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও ১৩২ মেরাদিয়া মধ্যপাড়ার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন (৩৮)।

রবিউল করিম বলেন, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর কামরান কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে অবৈধভাবে নকল ভোটার আইডি কার্ড তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি লেমিনেটিং মেশিন, একাধিক জাতীয় পরিচয়পত্রের হার্ডকপি ও সফটকপি, দুইটি ক্যামেরা, দুইটি হার্ডডিস্ক, দুইটি সিডি, একাধিক নাম-ঠিকানাবিহীন জন্ম নিবন্ধন সনদ ও চারিত্রিক সনদ উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ নকল ভোটার আইডি কার্ড তৈরি করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ