ধর্ষণের দায়ে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাত বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে এ রায় দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: রেজাউল করিম চৌধুরী এই রায় ঘোষণা করেন। দন্ডিত আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জেসমিনা আক্তার এই রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০০৯ সালের ১৬ জুন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মেয়র গলির একটি বাসার সামনে খেলা করছিলো সাত বছর বয়সি শিশুটি। এসময় সময় তাকে ফুসলিয়ে ধর্ষণ করে সাইফুল ইসলাম।

বাসায় ফিরে শিশুটি তার বাবা-মাকে ঘটনা জানালে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার পরিবার।

পরে এই ঘটনায় ২৩ জুন পাঁচলাইশ থানায় শিশুর বাবা বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলার পর পরই পুলিশ ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

এই মামলায় ২০১১ সালের ১৩ মার্চ আদালতে সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মোট ১৩ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রায় ঘোষণার পর দন্ডিত আসামি সাইফুল ইসলামকে জেলে পাঠানো হয়েছে।

এমকে