মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এম এল পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে ওমর ফারুক লিমনের ৬ দিনের রিমান্ড আবেদনের শুনানি সোমবার।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম থেকে লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে লিমনকে ঢাকা থেকে গ্রেফতার করে লৌহজং থানায় হস্তান্তর করে র্যাব।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জুলহাস ৭ দিনের রিমান্ড আবেদন করে লৌহজং থানা থেকে বৃহস্পতিবার মালিক ও শনিবার তার ছেলেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠান। আদালত সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে।
গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের মাওয়ার অদূরে এম এল পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়।
এর পর এ পর্যন্ত ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন ৬১ জন।
এ ঘটনায় বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে লঞ্চের মালিক আবু বকর সিদ্দিককে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা দায়ের করেন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





