রাজধানীর কারওয়ান বাজারে মাছের অড়তে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় জেলি দেওয়া চিংড়ি মাছ ধ্বংস করা হয় এবং ৫জনের সাজা দেওয়া হয়।
এর আগে অভিযানে ২শ’ কেজি নিষিদ্ধ পিরানহা এবং ৫শ’ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জরিমানা করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
রোববার সকাল সকাল ৭টার দিকে কারওয়ান মাছের বাজারে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালায় র্যাব-২ এর একটি দল।
র্যাব সদর দপ্তর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ একটি দল ভ্রাম্যমাণ আদালত নিয়ে এ অভিযান চালায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরানহা সংরক্ষণকারী এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব (৩৫), এক লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পাইকারি চিংড়ি ব্যবসায়ী বশির আহমেদ (৪৪), ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত দেবাশীষ বিশ্বাস (২২) এবং পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম (২৭) ও শফিকুল ইসলাম (২২)।
অভিযানে চিংড়ি মাছে জেলি দেওয়ার প্রমাণ পাওয়ায় তা ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমআর/এআই





