রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ইয়াসিন মোল্লা (৩৫), ইলিয়াস মিয়া (২৮), ফরিদ মৃধা (৩৮), ফরহাদ হোসেন (৩৫) ও মানিক শেখ (৩৩) সহ ৫ ভুয়া ডিবিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের এর নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ জানান, আটককৃতদের কাছ থেকে একটি ওয়াকিটকি, পুলিশের কাজে ব্যবহৃত হাতকড়া, পুলিশের পোশাক, চাপাতি, ছুরি এবং ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৩-৪৭০৭) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের ডিবি পরিচয়ে কৌশলে ভয় ভীতি ও হুমকি প্রদর্শনপূর্বক তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। এই ঘটনাগুলো সাধারণত গুলিস্তান হতে মাওয়াঘাট এবং যাত্রাবাড়ী হতে চিটাগাং রোডে বেশি ঘটাতো। পরে ছিনতাই করা যানবাহনগুলো দিয়ে তারা অন্যান্য ছিনতাই কাজে ব্যবহার করতো অথবা চোরাই বাজারে বিক্রি করে দিত। আসামীদের বিরুদ্ধে খিলগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





