রাজধানীর কদমতলীতে পয়ঃনিষ্কাশন নালায় পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম। তিনি বলেন, সরকারের অবহেলাজনিত কারণে শিশু নীরবের মুত্যু হওয়ায় তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৩০ টাকা দিতে হাইকোর্ট রুল জারি করেছেন।

তিনি আরো বলেন, রাজধানীতে যত ঢাকনা বিহীন ম্যানহোল আছে তার তালিকাও আদালতে জমা দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্ট ১৩ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত রোববার ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম।

রিট আবেদনে ঢাকা শহরে কতগুলো ঢাকনা এবং ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকা চেয়ে আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কী ব্যবস্থা নিয়েছেন রুলে তাও জানতে চাওয়া হয়।

গত ৮ ডিসেম্বর ম্যানহোলে পড়ে যায় নীরব। ৪ ঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এমকে