চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন আরেক চিত্রনায়ক অনন্ত জলিল। আমেরিকার নিউ ইয়র্ক থেকে মুঠোফোনে অনন্ত জলিল জানান, আজকের মধ্যেই শাকিব খানের কাছে উকিল নোটিশ যাবে।
দুই একদিনের মধ্যে তার আইনজীবী ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করবেন। বর্তমানে ব্যবসায়িক কাজে আমেরিকায় অবস্থান করছেন অনন্ত জলিল। তিনি বলেন, আমি শুধু একজন চিত্রনায়ক কিংবা প্রযোজক পরিচালকই নই, আমি একজন স্বনামধন্য ব্যবসায়ী।
এই ব্যবসার জন্য আমি তিনবার সিআইপি মর্যাদা লাভ করি। একজন সিআইপি ব্যক্তিকে পাগল বলার অধিকার শাকিব খান কেন, পৃথিবীর কারোরই নেই। নায়ক হিসেবে আমি শাকিব খানকে পছন্দ করি। সবখানেই তার প্রশংসা করি। ইন্ডাস্ট্রির জন্য তার অনেক অবদান।
কিন্তু আমি যে বাজেট, যে কোয়ালিটির ছবি নির্মাণ করি, সেই হিসেবে কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করি না। তবে আমি কারও বদনাম করেছি এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। অনন্ত বলেন, টমক্রুজকে আমি আমার আদর্শ মনে করি।
তাছাড়া শাহরুখ খানকে নায়ক মনে করি না এসব কথা শাকিব খান কোথায় পেলেন। আমি কোথায় বলেছি, এসবের প্রমাণ শাকিব খানকে দিতে হবে। তা নাহলে তাকে ১০০ কোটি টাকার মানহানির মামলার মুখোমুখি হতে হবে। আমি আমাকে অসম্মান করার শেষটুকু দেখে ছাড়বো।
ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





