শৃঙ্খলাজনিত অপরাধে ৪২ জন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বিচার বিভাগের এ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হকও বিষয়টি স্বীকার করেন।

এর আগে গুরুতর অপরাধী হিসেবে বিবেচিত হওয়ায় ১২ জন জেলা জজকে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হয়।

আইন সচিব বলেন, শৃঙ্খলাজনিত অপরাধে সিনিয়র সহকারী জজ থেকে জেলা জজ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বিচারকদের ‍বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে।

 নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪২ বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে যেকোনো সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বলা হয়, দুর্নীতি ও অদক্ষতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের উর্ধ্বতন ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাকিস্তান আমল থেকে বিগত সময়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিজ নিজ বিভাগ থেকে তদন্তের মাধ্যমে শাস্তি হয়েছে, এমন উদাহরণ পাওয়া যায় না। কিন্তু গত পাঁচ বছরে বিচার বিভাগেরই ১২ জন জেলা জজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, পক্ষপাতদুষ্টতাসহ শৃঙ্খলাজনিত অপরাধে এই ১২ জন জজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আর বিচারক ৪২ জনের বিরুদ্ধেও শৃঙ্খলাজনিত অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

কেএ