কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপার লাশ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতে রাজধানীর বনানী কবরস্থান থেকে লোপার লাশ উত্তোলন করা হয়।
এর আগে গত ২৬ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বিকাশ কুমার সাহা মরদেহ কবর থেকে উত্তোলন করে পুন:ময়নাতদন্তের নির্দেশ দেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পুনঃময়নাতদন্তের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।
এদিকে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার নায়ার সুলতানা লোপার মরদেহ পুন:ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।
লোপাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বাদী লোপার মা রাজিয়া সুলতানা ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুন:ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেছিলেন। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে লোপা ‘আত্মহত্যা করেছেন’বলে উল্লেখ থাকায় তিনি এ আবেদন করেন।
জেএ





