জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আজ বৃহস্পতিবারও কার্যকর হচ্ছে না। এমনকি তার প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টিও চূড়ান্ত হচ্ছে না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বুধবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাবেন কি না এই মর্মে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামারুজ্জামান। সে অনুযায়ী তাকে সময় দেওয়া হয়েছে। তবে সে সময় কতটুকু তা জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ‍কামাল ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুজনই জানিয়েছিলেন-আজকের মধ্যেই প্রাণভিক্ষার সিদ্ধান্তের বিষয়টি চূড়ান্ত করা হবে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

তাই আজ ফাঁসি কার্যকর করা ‍বা তার প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে কোন কার্যক্রম হবে না এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কারাগার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে তবে আইনি প্রক্রিয়ায় কামারুজ্জামান ফাঁসি কার্যকর হওয়ার আগে যতটুকু সময় ও সুযোগ পেতে পারেন তার সবটাই পাবেন।

সকালে কামারুজ্জামানের আইনজীবীরা তার সঙ্গে দেখা করে বের হয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি একটি যৌক্তিক সময়ের মধ্যে তার প্রাণভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তিনি কিছুটা সময় চেয়েছেন।

জেএ