কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। রোববার বেলা ১২ টার দিকে বিচারক সাদেকুল ইসলাম তালুকদার এ আদেশ প্রদান করেছেন।

মামলায় বাদি পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানিয়েছেন, ২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে নুরুল হকের পুত্র হৃদয় মনিকে (৬) অপহরণ করা হয়। এর পর মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। কিন্তু মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় শিশুটিকে হত্যা করে দুর্বৃত্তরা।

পরের দিন ৫ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর পিতা নুরুল হক বাদি হয়ে ৬ জুলাই কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামি করা হয় উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী মিয়ানমার নাগরিক মৃত মো. শফির পুত্র মো. আবদুল খালেক, ওই এলাকায় বসবাসকারী চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাদামতলী কাঞ্চন নগর এলাকার সিরাজ মিয়ার পুত্র বাহাদুর মিয়া,

উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী মিয়ানমারের নাগরিক মৃত গোলাম বারীর পুত্র আবদুস শুক্কুর, ও কক্সবাজার সদরের চৌফলদন্ডী কালুফকির পাড়ার জসীম উদ্দীনকে।

পুলিশ ২০১৪ সালের ২০ এপ্রিল চার্জশিট প্রদান করে। মামলার দীর্ঘ প্রক্রিয়া ও শুনানি শেষে আদালত আসামি আবদুল খালেক, বাহাদুর মিয়া ও আবদুস শুক্কুরকে ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে আসামী জসীমকে খালাস প্রদান করা হয়।

এআর