বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আইনের শাসন বলতে কিছুই নেই। রাজনৈতি অস্থিরতা, সামাজিক অবক্ষয় ও সাংস্কৃতিক গোলামীর মাধ্যমে আমাদের জাতীয় মূল্যবোধ আজ ধ্বংসের পথে। বিশৃংখলা সর্বত্র বিরাজমান।

এমন পরিস্থিতিতে বিজ্ঞ আইনজীবিদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আজ বাংলাদেশে নৈতিক বিপর্যয় চলছে। কিন্তু নৈতিক অবক্ষয় চলছে একথা বললে ভুল হবে। নৈতিক বিপর্যয় বলতে বুঝায়, যেখানো কোন কিছুই আর রোধ করার মত পরিবেশ থাকে না। আইন, বিচার ও প্রশাসন এবং সামাজিক অঙ্গনসহ এমন কোন জায়গা নেই যেখানে নৈতিক বিপর্যয়ের ছোঁয়া পড়েনি। এজন্যই আইনজীবীদের প্রচুর পড়াশোনা করে জ্ঞানার্জন করতে হবে এবং ন্যায়-ইনসাফ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে নিজেকে একজন সৎ আইনজীবী হিসেবে তৈরী করতে হবে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন,

সংগঠনের সিনিয়র সহঃ সভাপতি এডভোকেট জসীম উদ্দিন সরকার। আরও বক্তব্য প্রদান করেন সাবেক ডেপুটি এটর্নি জেনারেল গিয়াস উদ্দিন মিঠু, সুপ্রিম কোর্ট বার সমিতির সহঃ সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সহঃ সভাপতি এডভোকেট ড. গোলাম রহমান, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সহঃ সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খন্দকার, সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সহঃ সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান,

ঢাকা বারের সাবেক সহঃ সাধারণ সম্পাদক এডভোকেট মাইন উদ্দিন, ঢাকা বারের সাবেক ট্রেজারার এডভোকেট আবু বকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন বরিশাল বারের এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সিলেট বারের এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, ঢাকা বারের এডভোকেট ড. হেলাল উদ্দিন, এডভোকেট এস এম কামাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের এডভোকেট ইউসুফ আলী, রাজশাহী বারের আবু মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বারের এডভোকেট আব্দুল মোতালেব সহ বাংলাদেশের বিভিন্ন বার হতে আগত বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিলের প্রতিনিধিগণ।

এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমানে দেশে মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র কিছুই নেই। এ অবস্থায় আইনজীবীরা চুপ করে বসে থাকতে পারে না। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় আইনজীবীদের দায়িত্ব নিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

সভাপতির বক্তব্যে এডভোকেট নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিল ন্যায় ইনসাফ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আইনজীবীদের ঐক্যবদ্ধ কারার মাধ্যমে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ইসলাম থেকে দুরে সরে যাওয়ার কারনেই বিশ্বজুড়ে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত।

এই মুহুর্তে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। সমাজের মজলুম মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। মনে রাখতে হবে এই জীবনই শেষ জীবন নয়, মৃত্যুর পরও দীর্ঘ একটি জীবন রয়েছে। ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির স্বার্থেই ইনসাফভিত্তিক ন্যায়বিচারের কাজে সকলের মনোনিবেশ করা উচিত। সম্মেলনের শেষে সংগঠনের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ একটি ঘোষনাপত্র পাঠ করেন। বিজ্ঞপ্তি।

এএইচ