রাজধানীর মহাখালীতে বাড়ির পাশের দোকানের সামনে এক ঠিকাদারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম হোসেন সজীব (৩৪)।
আজ রোববার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
মহাখালীর দক্ষিণপাড়ার বাসিন্দা সজীব পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন ঠিকাদার। ছোটভাই জাহিদুল ইসলাম সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নিয়ে যান।
জাহিদুল ইসলাম বলেন, ‘আজ বেলা ৩টার দিকে মোটরবাইকে করে বাসায় ফিরছিলেন সজিব। এ সময় মহাখালী দক্ষিণ পাড়ায় বাড়ির পাশে একটি ওষুধের দোকানের সামনে দুইজন যুবক হেঁটে গিয়ে তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে সজীবের পিঠে, কানে ও হাতে গুলি লাগে।’ তবে কী কারণে সজীবকে গুলি করা হয়েছে তা জানাতে পারেননি জাহিদুল।
ঘটনার পরপর স্বজনরা সজীবকে মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) রফিজ উদ্দিন বলেন, ‘মহাখালীর দক্ষিণপড়া এলাকায় গুলির ঘটনার সংবাদের পরিপেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই। কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ অবস্থায় সজীবকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তাঁর শরীর পরীক্ষা করে দেখছেন।
এমবি





