রাজধানীর মতিঝিল থানার ৪ মামলা ও রমনা থানার ২ মামলায় জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের ৫৪ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ।
সোমবার সকালে ৫ দিনের রিমান্ড শেষে ড. মাসুদকে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় ওই ৬ মামলায় ৯ দিন করে মোট ৫৪ দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও রেজাউল করিমের আদালতে দুপুরে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতে ইসলামীর ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে দুই মামলায় ১১ দিনের রিমান্ডে নেওয়া হয় মাসুদকে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে ৫ দিনের রিমান্ড দেওয়ার সময় আদালতের বিচারক কাঠগড়ায় অসুস্থ ডা. শফিকুল ইসলাম মাসুদকে কেমন আছেন জিজ্ঞাস করলে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘তারা আমার মাথা থেকে পা পর্যন্ত পঙ্গু করে দিয়েছে।’
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





