পদ্মা সেতু নির্মাণের জন্য লাগবে ‘মানুষের মাথা ও রক্ত লাগবে’ সোশ্যাল মিডিয়ায় এমন ‘গুজব’ ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব)।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুঁইয়া।   

শহীদুল ইসলাম (২৫) নামে এক তরুণকে নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে (৫০) মৌলভিবাজার থেকে র‌্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করেছেন।

এছাড়া, কুমিল্লা থেকে হায়াতুন্নবী (৩১), ঢাকার আশুলিয়া থেকে হোসেন এবং অন্য একজনকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

এএসপি মিজানুর রহমান ভুঁইয়া জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমবি