রাজধানীর নাখালপাড়ার ‘রুবি ভিলা’য় কথিত আত্মঘাতী দুই জঙ্গির ছবি প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (Rapid Action Battalion)(র‌্যাব)।

আজ (বৃহস্পতিবার) ওই দু’জনের পরিচয় জানতে এ ছবি প্রকাশ করা হয়। এদের পরিচয় বা তথ্য কারও কাছে থাকলে তা র‌্যাবকে জানানোর অনুরোধ করা হয়েছে। তাদের পরিচয় এবং জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে জানতে তদন্ত চলছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “নিহত জঙ্গিদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। রাসায়নিক পরীক্ষার পর তা নির্বাচন কমিশনে পাঠানো হবে। এছাড়া যার পরিচয় পাওয়া গেছে তার স্বজনদের কাছ থেকে ওই দু’জনের বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হয়েছে। তবে তারা নির্দিষ্ট করে কিছুই বলতে পারেনি। যারা নিখোঁজ রয়েছে তাদের ছবির সঙ্গে নিহত দুই জঙ্গির ছবি মেলানো হচ্ছে। তাদের পরিবারের সদস্যরাও নিহত দুই জঙ্গিকে দেখেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

র‌্যাব-৩’র অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, “অভিযানে নিহত অন্য দু’জনের পরিচয় যাচাই করা হচ্ছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাতে রাজধানীর নাখালপাড়ার ‘রুবি ভিলা’ নামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (Rapid Action Battalion)(র‌্যাব)। র‌্যাবের অভিযান টের পেয়ে সেখানে আত্মঘাতী হয় তিন জঙ্গি।

যাদের মধ্যে একজন জাহিদ পরিচয় দিয়ে জানুয়ারির শুরুতে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। সঙ্গে ভাই পরিচয় দিয়ে আরও দু’জনকে তুলেছিলেন তিনি। কিন্তু ওই ৩ জনের দেয়া পরিচয়পত্রের তথ্যগত সত্যতা নিয়ে সন্দেহ হলে র‌্যাব তাদের জঙ্গি দলের সদস্য বলে শনাক্ত করে। এরপর সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব বলছে, জাহিদ পরিচয় দেয়া মেজবা’র এনআইডি ছিলো জাল।

এমবি