যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলায় পুলিশের সঙ্গে 'কথিত' বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার একে এম আরিফুল হকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

নিহতের নাম মাহবুব (৩৫)। আহত পুলিশ সদস্যরা হলেন-আরিফুল হকসহ শামীম ও কাদের। তাদেরকে যশোর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ওই সড়কে টহলের সময় দেখেন বেগারিতলায় দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেছে। তিনি ওয়ারল্যাসে যশোর কোতোয়ালি, মনিরামপুর ও কেশবপুর থানার ওসিদেরকে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার নির্দেশ দেন এবং তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে তিনি ও তার দুই দেহরক্ষীও পাল্টা গুলি ছুঁড়েন। প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয় তাদের মধ্যে। এতে অন্যরা পালিয়ে গেলেও মাহবুব গুলি ভর্তি রিভলবারসহ গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন। এ সময় মনিরামপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ভর্তির এক ঘণ্টা পর সে মারা যায়।

তিনি আরো জানান, নিহতের বাড়ি কেশবপুরে। তার বিরুদ্ধে মনিরামপুর ও কেশবপুর থানায় ১৯টি মামলা রয়েছে। যার মধ্যে একটিতে তিন বছরের সাজা হয়।

অন্যদিকে গুলি বিনিময়ের সময় আহত হন আরিফুল হকসহ তার দেহরক্ষী পুলিশ সদস্য শামীম এবং কাদের। পরে তাদের উদ্ধার করে যশোর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়

এএইচ