নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে এক নারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মাহমুদা খাতুন নামে ওই নারী ছাড়াও অপর এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি বলেন, আটক দুই জনকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা নিয়ে আসা হচ্ছে। এরপরই গণমাধ্যমের সঙ্গে আমরা কথা বলব। বুধবার রাতে নুরুল ইসলাম ফারুকীকে হত্যার আগে এক নারী তার বাড়িতে ঘুরে গিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন, যাকে হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
বিকালে ভক্ত পরিচয় দিয়ে মধ্যবয়সী ওই নারী বাড়িতে এসেছিলেন। তবে আটককৃত নারী এবং ভক্ত পরিচয়ে ঘুরে যাওয়া মহিলা একই ব্যক্তি কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক দুই জনকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা নিয়ে আসা হচ্ছে। এরপর গণমাধ্যমের সামনে তাদের হাজির করা হবে।
ফারুকীর স্বজনরা জানিয়েছেন, ওই নারী পুরো বাসায় ঘুরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দুই যুবক হজে যাওয়ার আলোচনার কথা বলে ফারুকীর পূর্ব রাজাবাজারের বাড়িতে ঢোকেন। সঙ্গে সঙ্গে আরও ৬/৭ জন যুবক ঢুকে ফারুকীকে গলা কেটে হত্যা করে চলে যায়।
ফারুকী ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন, সেইসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ছিলেন তিনি। তিনি টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





