মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের মাওয়া পয়েন্টের নতুন তিন নম্বর ফেরি ঘাটে যানবাহন সিরিয়াল দেয়ার নামে চাঁদাবাজি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টায় মাওয়া ঋষিবাড়ি ঘাটে অবস্থিত (পুরাতন ২ নম্বর ঘাট) ৩ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।

চাঁদা আদায়কালে আটক বাবুল হোসেন জানান, সিরিয়ালের জন্য বিভিন্ন ট্রাক, ছোট-বড় গাড়ি থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হয়। তবে এসব টাকা স্থানীয় নেতা আশ্রাফ, হামিদুল, জামান ও সুমনদের সিন্ডিকেটের কাছে জমা দেয়া হয়।

তিনি আরও জানান, আমাদের সঙ্গে কাজ করে আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন ও মনির হোসেনসহ আরও অনেকে। আমাদের প্রত্যেককে এ কাজের জন্য পারিশ্রমিক হিসেবে প্রতিদিন ৭০০ টাকা করে দেয়া হয়।

মাওয়া ফাঁড়ি ইনচার্জ খন্দকার খালিদ হোসান জানান, বিচ্ছিন্নভাবে এমন অভিযোগ পাওয়া গেলেও কাউকে এ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। তবে আটক বাবুল হোসেনকে (৪৫) জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ