একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মৃত মাওলানা একেএম ইউসুফকে দোষী ঘোষণা করে রায় চাইলেন রাষ্ট্রপক্ষ।
বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী।
শুনানিতে হায়দার আলী বলেন, ইউসুফকে দোষী সাব্যস্ত করে একটা রায় অথবা কমপক্ষে একটা পর্যবেক্ষণ থাকা উচিত।  কারণ এটা সাধারণ কোন মামলা নয়,এটা মানবতার ও ইতিহাসের দাবি। কোন রায় দেয়া না হলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না।
অপরদিকে ইউসুফের আইনজীবী আব্দুস সোবহান তরফদার বলেন, আমাদের দেশের ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট কোন আইন নেই যে, আসামি মারা যাওয়ার পর তাকে দোষী সাব্যস্ত করা হবে কি না?
তিনি বলেন, রাষ্ট্রপক্ষ বলেছে এটা মানবতার ও ইতিহাসের দাবি। এই দাবির কারণে যেন আদালত বিব্রত না হয় সে ব্যাপারে খেয়াল রাখা উচিত’।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, একজন আসামী মৃত্যুবরণ করার পর তাকে নির্দোষ ঘোষণা করাই, সাধারণ নীতি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট হায়দার আলী ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজের কয়েকটি কেস রেফারেন্স দাখিল করে বলেন আসামি মৃত্যুবরণ করার পরও তার রায় দেয়া হয়েছে।
এসময় ট্রাইব্যুনাল বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজের রেফারেন্স কি আমাদের এখানে গ্রহণযোগ্য হবে?  কারণ এ ট্রাইব্যুনালের কোন রায় তো ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ এ আপিল করা যায় না। সুতরাং আমাদের দেশে কি এমন কোন কেস রেফারেন্স আছে যেখানে এমন কোন আসামির মৃত্যুর পরও তার বিচার অব্যাহত ছিল বা রায় দেয়া হয়েছে।
জবাবে হায়দার আলী বলেন, তাহলে ইউসুফকে দোষী সাব্যস্ত করে রায় অথবা কোন পর্যবেক্ষণ দেয়া হোক। কারণ এটা মানবতার দাবি।
গত ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একেএম ইউসুফ অসুস্থজনিত কারণে  মৃত্যুবরণ করেন। কিন্তু পরিবারের দাবি সুচিকিৎসার অভাবে তিনি মারা গেছেন। আজ এ মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল।
এর আগে ইউসুফের পক্ষে তার ছেলে একেএম মাহবুবুর রহমান সাফাই সাক্ষ্য দেন।
গত ৩০ জানুয়ারি ইউসুফের পক্ষে দাখিলকৃত  ৫৬জনের তালিকা থেকে ৩জনকে সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। ইউসুফের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৭জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে।
গত বছরের ১ আগস্ট একেএম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তাকে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ৪ ধরনের ১৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫টি হত্যা, ৭টি গণহত্যা এবং অগ্নিসংযোগ ও ১টি লুটপাটের অভিযোগ রয়েছে।
[b]ঢাকা, জিই, ফেব্রুয়ারি ১২ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]