কিশোরগঞ্জের তারাইল উপজেলার রাজাকার কমান্ডার পলাতক ছৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় আবারো পিছিয়েছে ট্রাইব্যুনাল।
আগামী ২৪ আগস্ট তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ তৃতীয়বারের মতো হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় পিছিয়েছে আদালত।
আজ এ মামলায় আনু্ষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্যয় ছিল। কিন্তু প্রসিকিউটর আবুল কালাম ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতির জন্য সময় আবেদন করেন। পরে ট্রইব্যুনাল এ দিন ধার্য করেন।
এর আগে গত ২৯ জুন রবিবার ধানমণ্ডিতে স্থাপিত তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থা হাসান আলীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। পরে তা প্রসিকিউশনে দাখিল করা হয়।
সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে তদন্ত কাজ সম্পন্ন হয়েছে।
হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের মতো ৬টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে গত ৩ এপ্রিল ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
ঢাকা,কেএ, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





