রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল (৩০) ও জাহাঙ্গীর (২৬) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
আটক যুবকদের একজন রাখাল ও অপরজন রিক্সা চালক। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে মুগদা থানায় নিয়ে আসা হয়েছে।
মুগদা থানার এসআই সাইফুদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুটির বাবার নাম মানিক মিয়া। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
তিনি জানিয়েছেন, দেড় মাস আগে তার সাত বছেরের মেয়েটি ট্রেনযোগে ঢাকায় এসে পড়ে।
গত বৃহস্পতিবার মুগদার মান্ডা লেটকার গলিতে মৌসুমি নামের এক মহিলা রাস্তায় একা ঘোরাঘুরি করতে দেখে মেয়েটিকে উদ্ধার করে তিনি তার বাসায় নিয়ে যান। পরে শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। তিনি শিশুটিকে মুগদা থানার আশ্রয়ে রেখে আসেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে অভিযান চালিয়ে আজ (রোববার) বেলা সাড়ে ১২টায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
হাসপাতালে শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নীরিক্ষার জন্য ভর্তি করা হয়েছে। মেয়েটির ধর্ষণের আলামত মিললে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।
এসএইচ





