সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ নির্দেশ দেন।

গত সাড়ে ৫ বছরে আদালতের কাছ থেকে ৫০ বার সময় নিয়েছে তদন্ত সংস্থা র‍্যাব। আদালতে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক এ নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পর রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট ৮জনকে আটক করা হয়। বাকিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, তানভীর, আবু সাঈদ ও বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির।এর মধ্যে মধ্যে পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান জামিনে রয়েছেন।

এমবি