বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ফের শুরু হয়েছে।
সোমবার বেলা ১১টায় রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার প্রথম সক্ষী বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ সোমবার আদালতে হাজির থাকবেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির স্পেশাল পিপি মো. কবির হোসেন।
অবশ্য, ‘নিরাপত্তাজনিত কারণে‘ খালেদা জিয়া সোমবার আদালতে উপস্থিত হবেন না বিধায় তার পক্ষে সময়ের আবেদন করা হবে বলে জানিয়েছেন তার প্যানেল আইনজীবী সানাউল্লাহ মিয়া।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম সাক্ষী বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর ১৩ অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছিলেন বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
হারুন অর রশিদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলারও বাদী ও সাক্ষী।
২২ সেপ্টেম্বর মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়ার করা দু’টি মামলারই সাক্ষ্যগ্রহণ পেছানোসহ ৬টি আবেদন নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ শুরু করেছিলেন আদালত।
এসএইচ





