নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে নিহত সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ আজ।

সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলার বাদী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এসময় র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনসহ উপস্থিত ১০ আসামি এবং র‌্যাবের ৮ সদস্যসহ পলাতক ১২ আসামিসহ মোট ২২ আসামির পক্ষের আইনজীবীরা বাদী বিজয় কুমার পালকে জেরা করেন।

মামলার অপর আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও এমএম রানার পক্ষে বাদীকে জেরা করতে সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে আগামী ৭ মার্চ ধার্য করেন। আলোচিত এই মামলায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে আদালতের এজলাস কক্ষ থেকে বের করে দিলে আলোচনার সৃষ্টি হয়।

ওএফ