বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জের ধরে একইদিন গভীর রাতে বোয়ালখঅলী উপজেলার নয়াবাজার এলাকায় আবারও এ ঘটনা ঘটে।

রাতে সংঘর্ষের ঘটনায় আবু তৈয়ব ও মো. ইয়াছিন নামের দুইজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শহরে দক্ষিন জেলা আওয়ামীলীগের অফিসে এঘটনা ঘটে।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল ওয়াদুদ এবং সাবেক চেয়ারম্যান আবুল মনছুরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বোয়ালখালী উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার নিতে চট্টগ্রাম শহরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের অফিসে ডাকা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দিন, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আতাউল হকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা সাতটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার নেন। কয়েকটি ইউনিয়নের প্রার্থীরা সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর করলডেঙ্গা ইউনিয়নের প্রার্থীদের ডাকা হলে দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুইজন আহত হন।

এ ঘটনার জের ধরে গভীর রাতে বোয়ালখালী উপজেলার আহল্লা-কড়লডেঙ্গা ইউনিয়নের নয়াবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবু তৈয়ব ও ইয়াছিন আহত হন।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত দুইজনকে হাসপাতালের ক্যাজুয়েলেটি বিভাগে ভর্তি করা হয়েছে।’

 

এইচ ই