একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬১। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম ঝিনুক এ তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুর থেকে আনার পরই বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল- ২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
এমবি





