রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত কিশোরের নাম জাহিদুল ইসলাম (১৫)।

জাহিদের পরিচিত ইমন নামে এক ব্যক্তি জানান, যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্প ছনটেক এলাকায় রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

জাহিদের চাচাতো ভাই আইয়ুব জানান, জাহিদের বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলায়। তারা যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় থাকেন। স্থানীয় একটি ফ্যান তৈরির কারখানায় কাজ করতেন জাহিদ। কে বা কারা তাকে হত্যা করেছে তারা জানেন না।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তারা খবরটি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।

এমবি