রাজধানীর উত্তরায় বিকাশের এক এজেন্টকে গুলি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম বিএম মাহমুদুল আলম শাহিন (৩২)।

ছিনতাইকারীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। রোববার বেলা আনুমানিক সাড়ে ১০টায় উত্তরা ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দু’টি মোটর সাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী মাহমুদুল আলম শাহিনের কাছে থাকা নগদ ১১ লাখ ৩৭ হাজার আটশ’টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। শাহিনকে গুরুতর আহতাবস্থায় উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ অবস্থা দেখে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটকাতে চাইলে ছিনতাইকারীরা গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, শাহিন উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডের ৫১ নম্বর হাউজের রবি বিকাশ অফিস থেকে নগদ ১১ লাখ ৩৭ হাজার আটশ’টাকা নিয়ে প্রাইম ব্যাংকের উত্তরা শাখায় যাচ্ছিলেন। পথে ব্যাংকের সামনে হঠাৎ করে মোটর সাইকেল যোগে  ৫ ছিনতাকারী তার পথরোধ করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশের চেকপোস্ট ও টহল বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বড় অংকের টাকা লেনদেন করার সময় আবেদনের ভিত্তিতে পুলিশি সহায়তা দেওয়া হয় বলে জানান তিনি।

ঢাকা, জেইউ, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর