নারায়ণগঞ্জে সাত হত্যা মামলায় গ্রেফতার র‌্যাব সদস্য ল্যান্স করপোরাল রুহুল আমিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের মেয়ের স্বামী বিজয় কুমার পালের করা মামলায় চতুর্থ দফায় রিমান্ডে ছিলেন তিনি।

রুহুল আমিনকে গত ৮ আগস্ট সকালে পটুয়াখালীর বাউফল থানার সনেশ্বর গ্রাম থেকে পুলিশ ও ডিবির একটি দল গ্রেফতার করে। সাত খুনের ঘটনার সময় নারায়ণগঞ্জে র‌্যাব-১১ তে কমর্রত ছিলেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় রুহুল আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত র‌্যাবের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে বাকি একজনের লাশও নদীতে ভেসে ওঠে।

জেএ