ডেসটিনির মানিলন্ডারিংয়ের দুই মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিরতারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করে।

পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাকিয়া পারভীন ১৫ মার্চ নতুন এ দিন নির্ধারণ করেন।

প্রায় চার হাজার ১১৯ কোটি টাকা পাচারের দুইটি মামলায় ২০১৪ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

অভিযোগপত্রে ডেসটিনির এমডি মো রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগপত্রের ৫১ আসামির মধ্যে ৪৬ আসামি পলাতক। মামলার আসামিদের মধ্যে এমডি মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম, মো. জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল) কারাগারে রয়েছেন।

আর একমাত্র আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে রয়েছেন।

২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম উক্ত আসামিসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।

এমবি