বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো: বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৪ ডিসেম্বর বখশীবাজারে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়া হয়।
আদালত সরকারপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ ডিসেম্বর আবেদনের ব্যাপারে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো প্রকার হয়রানি না করার নির্দেশ দিয়েছেন।
আদালতে আব্দুল আউয়ালের পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাজ্জাদ হায়দার ও সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটনি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, জামিন আবেদনের শুনানিকালে সরকারপক্ষ সময় চাওয়ায় ৩০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
ইআর





