রাজধানী ঢাকার রামপুরা এলাকায় পৃথক দুই ঘটনায় দুই নারী আত্মহত্যা করেছেন। এদের একজন কলেজ ছাত্রী, অপরজন গৃহবধূ।
পূর্ব রামপুরার টিভি রোডের ৩৩৫/ঙ নং বাসায় সুরভী আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তার স্বামী শাহে আলম বেসরকারি একটি অফিসে চাকরি করেন। বুধবার রাত ১০টার দিকে বাসায় ফিরে তিনি দরজা বন্ধ পান। তিনি দরজা ভেঙ্গে দেখেন, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছেন। শাহে আলম রামপুরা থানায় খবর দেন।
রামপুরা থানার এসআই আবদুর রশীদের সহযোগিতায় সুরভীকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা তাকে রাত সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
আবদুর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যা করেছেন সুরভী।
অপর দিকে, রামপুরা বনশ্রীর ২নং রোডের ৩২ নং বাসায় ইসরাত হোদা বিথী (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার রাত ৯টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কলেজে ভর্তি করা হয়।
রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিথী রামপুরার স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তার বাবা নুরুল হোদা।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিথীর লাশ মর্গে রয়েছে।
এআই/





