কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং সাবেক প্রতিমন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরীর মেয়ে।
আজ (৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেল ৪টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এসময় তার স্বামী অমিতাভ রায়কে জড়িয়ে ধরে অঝোরে কাদঁতে দেখা যায় বিএনপির এই নারী নেত্রীকে।
কারাফটকে উপস্থিত স্বজনরাও নিপুন রায়ের সঙ্গে কুশল বিনিময় করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে বাবা বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মেয়েকে তার বাসায় নিয়ে যান।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গত ১৫ নভেম্বর রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। আটকের কিছু পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুন রায়কে ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এরপর গত ২২ নভেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কারাগারেই ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুন রায় চৌধুরী।
এমবি





