লন্ডনের একটি সভায় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইনী নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রীমকোট আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ (মেহেদী) গুলশানে তারেক রহমানের বাড়ি ও পল্টনে দলীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে যথাযথ জবাব না পেলে তারেক রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।
গত ৭ নভ্ম্বের দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘তারেক প্রলাপ’ শিরোনামের একটি প্রতিবেদনের বরাত দিয়ে নোটিসে তারেক রহমানকে উদ্দেশ করে বলা হয়, ‘আপনি বঙ্গবন্ধুকে স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন।
বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে উল্লেখ করেছেন। শেখ মুজিবুর রহমানকে বাংলার জনগণ নায়ক হিসেবে দেখতে চাইলেও তিনি বরাবরই পাকিস্তানকে নিরাপদ মনে করেছেন বলেও উল্লেখ করেছেন।
আপনি এও বলেছেন, শেখ মুজিব একজন পাকিস্তানি নাগরিক হিসেবে এসে শপথ নিয়েছেন। একজন পাকিস্তানি নাগরিক কি করে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, সেই প্রশ্নের আইনগত নিষ্পত্তির জন্য শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা হওয়া জরুরি।’
কেএ/ এআর





