নোয়াখালীর সুবর্ণচরে গত ৩০ ডিসেম্বর ভোটের রাতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত ৯ আসামি ছাড়াও তদন্তে ঘটনার সঙ্গে আরও সাত জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তদন্ত শেষে মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিনের নামও রয়েছে। চার্জশিটভুক্তদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার বিকালে জেলার দুই নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের কাছে এ অভিযোগপত্র দাখিল করেছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের সহযোগীদের সঙ্গে এক নারী ভোটারের কথা কাটাকাটি হয়। ওইদন রাতে রুহুল আমিনের সহযোগীরা বাড়িতে প্রবেশ করে স্বামী সন্তানকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই নারীর পরিবার।
জেড





