মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন প্রসিকিউশন। একইসঙ্গে ওই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক এ অভিযোগপত্র আমলে নেওয়া হবে কি না সে বিষয়ে শুনানি ও আদেশের জন্য ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তারা হলেন- কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধান। এদের মধ্যে সৈয়দ মো. হুসাইন পলাতক।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি জানান, ওই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাদের ছয়টি অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেপ্তার রয়েছেন।

এর আগে চলতি বছরের ৭ জুলাই ওই দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রাথমিক তদন্তে ওই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

এমএইচ