রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০টিককটেলসহ নুরুল ইসলাম প্রকাশ ওরফে নুরু নামে এক বোমা প্রস্তুতকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ২।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আহমেদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি টাইমনিউজবিডিকে বলেন,র‌্যাব-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদে জানাতে পারে রাজধানীর হাজারীবাগ এলাকায় ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদী মজুদ ও বিক্রি করা হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে হাজরীবাগ থানাধীন কালুনগর সিএনজি, ট্যাক্সী স্ট্যান্ডস্থ নুরুল ইসলাম প্রকাশ নুরু এর মালিকীয় ভাংগারীর দোকান ঘরের উত্তর পার্শ্বের রুমে অভিযান চালানো হয়।

অভিযানকালে কাগজের তৈরী কার্টুনের ভিতর রক্ষিত ১০টি ককটেলউদ্ধার করা হয়। এসময় ককটেল প্রস্তুতকারী ও মজুদকারী নুরুল ইসলাম প্রকাশ নুরু(৫২) কে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরু জানায়, দীর্ঘদিন থেকে সে এই কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করে র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এ ধরনের বিস্ফোরকদ্রব্য প্রস্তুতকারী ও মজুদকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বিস্ফোরকদ্রব্য প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে র‌্যাব-২ এ অভিযানটি পরিচালনা করে।

ঢাকা, জেইউ, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর