বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন একলাছ উদ্দিন ভূইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।

রিটের শুনানিকালে আদালত বলেন, ভারতীয় চ্যানেল সম্প্রচারে সরকারের অনুমোদন আছে কিনা, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ও এ বিষয়ে রাজস্বের লেনদেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয় কিনা এ বিষয়ে খোজখবর নিয়ে হলফনামা আকারে দাখিল করেন।

আদালত আরো ‍বলেন, বাংলাদেশের অনেক চ্যানেলেও খুনসহ বিভিন্ন অপরাধের চিত্র দেখানো হয়। টিভি দেখে কে কি শিখবে তার দায়িত্ব আমাদের নয়। অনেকে ভাল কিছু শেখে। আসলে টিভিতে সম্প্রচারিত প্রোগ্রামের দায়িত্ব আমাদের নয়।

সরকারের অনুমোদনের বিষয়ে খোজ নিয়ে আদালতে দাখিল করে আগামী মঙ্গলবার আবার শুনানির জন্য দিন ধার্য্য করা হয়।

এর আগে গত ৭ আগস্ট ভারতীয় তিনটি চ্যানেল অন্তবর্তীকালীন আদেশে বন্ধ এবং বাকি চ্যানেলগুলোও বন্ধ করার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করে আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া।

আইনজীবী জানান, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা বন্ধে অন্তবর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।

একই সঙ্গে ভারতীয় সকল চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে।

রিটে তথ্য সচিব, বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

এর আগে ভারতীয় চ্যানেল বন্ধ করতে তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ দেয় এ আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে আজ হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানা যায়।

ঢাকা, কেএ,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ