রাজধানীর শ্যামপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় হাতকাটা নবীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন ওয়ারী জোনের উপ পুলিশ পরিদর্শক মোস্তাক আহমেদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

নিহত রিয়াজুল ইসলাম লালু (৩৫) শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি শ্যামপুরের ১ নম্বর আফসার করিম রোডের মোক্তার হোসেনের ছেলে।

নিহতের চাচাত ভাই মোহাম্মদ রুবেল জানান, রিয়াজুল ইসলাম লালুর শ্যামপুর ব্রিজ সংলগ্ন আল-মক্কা এন্টারপ্রাইজ নামে একটি ইট-বালু-সিমেন্টের দোকান আছে।

‘সন্ধ্যা সোয়া ৭টায় তিনি দোকানে বসা ছিলেন। এ সময় দুই যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়।’

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা পৌনে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, জেইউ, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ