আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অন্য সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সংবাদ পায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। আটককৃতরা হলো- মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত শিশু ৪ জন। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত ৭ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এমএম