মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার শুনানি আগামী ৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এ নির্দেশ দেন।

আপিল বিভাগের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ প্রথম দিন শুনানি করেন মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহায়তা করেন শিশির মো. মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলাও শুনানির জন্যে একই বেঞ্চের বুধবারের কার্যতালিকায় ৫ নম্বরে ছিল। তবে সে পর্যন্ত যাওয়ার আগেই আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় শুনানি হয়নি।

এসএইচ