র‌্যাবের হাতে গ্যাস গ্রেনেডসহ আটক দুই ব্যক্তির দেওয়া তথ্যের যথার্থতা না পাওয়ায় র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছে পুলিশ। এর আগে র‌্যাব জানিয়েছিল, আটক দুই ব্যক্তি তথ্য দিয়েছে পুলিশের এক কনস্টেবল এই গ্রেনেড সরবরাহ করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব গত ৯ আগস্ট তৌহিদুল ইসলাম ও মেহেদী হোসেন জুয়েল ওরফে বাবু নামে দু’জনকে গ্যাস গ্রেনেডসহ আটকের পর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় র‌্যাব গোয়েন্দা পুলিশকে জানায়, প্রাথমিকভাবে ওই দু’জন জানিয়েছে, রাজারবাগে কর্মরত মনিরুজ্জামান কাজল নামে পুলিশের এক কনস্টেবল তাদের কাছে বিক্রির জন্য গ্যাস গ্রেনেড সরবরাহ করেছে।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশের গ্যাস গ্রেনেডের মজুদ পরীক্ষা করে কোনো গড়মিল পাওয়া যায়নি। এ ছাড়া র‌্যাবের কাছ থেকে জব্দ তালিকা ও আসামিদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত দলিল গোয়েন্দা পুলিশের কাছে পাঠানো হয়নি। এ কারণে অভিযানে অংশ নেওয়া র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ ও জব্দ তালিকা চেয়ে র‌্যাবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তবে র‌্যাব-৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম বলেছেন, ‘জব্দ তালিকা ও আনুষঙ্গিক ডকুমেন্ট শুক্রবার রাতে পুলিশের কাছে পাঠানো হয়েছে।’

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ