জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের কপি এখন কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন জেল সুপার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী টাইমনিউজবিডিকে বুধবার রাতে এ তথ্য জানান।
তবে, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এমন তথ্য জানিয়ে ফরমান আলী বলেন, তাদের হাতে এখনো আদালতের কোন নির্দেশনা আসেনি।
ফরমান আলী জানান, কারা বিধি অনুযায়ী জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য সাতদিনের সময় পাবেন। বিধি মোতাবেক সেই সাত দিন পার হয়ে গেলে ফাসিঁ কার্যকর করা হবে।
কামারুজ্জামান যদি সাত দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেন, তখন রাষ্ট্রপতির কাছ থেকে কোন নির্দেশনা না আসা পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না। তবে, সাতদিনের মধ্যে ক্ষমা প্রার্থনার আবেদন না করলে সাত দিন পার হয়ে গেলেই যেকোন সময় ফাঁসি কার্যকর করা হবে।
এদিকে, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।
জেইউ, কেবি





