বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিলাসবহুল গাড়ি কিনে ২ কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূর নবী এই দিন নির্ধারণ করেন।
ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, আজ থানা থেকে মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) ও এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসে। পরে বিচারক এজাহার আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
আনিসুর রহমান জানান, গতকাল সোমবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) জাকির হোসেন বাদী হয়ে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ প্রিন্স মুসা বিন শমসেরের গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাঁর কেনা রেঞ্জরোভার ব্র্যান্ডের গাড়ি জব্দ করে। পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, প্রিন্স মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন। কিন্তু গাড়িটির শুল্ক দিতে হতো দুই কোটি ১৭ লাখ টাকা।
এমবি





