দেশের বিভিন্ন আদালতে (চলতি বছরের মার্চ মাস পর্যন্ত) প্রায় ৩৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। আর পারিবারিক আদালতে প্রায় ৬০ হাজার মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল (১৮ জুন) মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের উচ্চ ও নিম্ন আদালতে ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭ মামলা বিচারাধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “আপিল বিভাগে ২১ হাজার ৮১৩টি বিচারাধীন মামলা রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৪ হাজার ২৩টি, ফৌজদারি মামলা সাত হাজার ৬৫৫টি এবং অন্যান্য মামলা ১৩৫টি।” এছাড়া হাইকোর্ট বিভাগে ৫ লাখ ৬ হাজার ৬৬৪টি মামলার মধ্যে দেওয়ানি মামলা ৯৬ হাজার ১১৪টি, ফৌজদারি মামলা ৩ লাখ ১৭ হাজার ৪৪৩ এবং অন্যান্য মামলা ৯৩ হাজার ১০৭টি মামলা বিচারাধীন রয়েছে।

পাশাপাশি নিম্ন আদালতে ১৩ লাখ ২৮ হাজার ৬০০টি দেওয়ানি মামলা ও ১৭ লাখ ২৫ হাজার ২৭০টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিচারাধীন এইসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিচারকের সংখ্যা বৃদ্ধি, আদালতের আবকাঠামো উন্নয়ন, বিচারকদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সরকারি দলের সদস্য হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশের পারিবারিক আদালতে ৫৯ হাজার ৮৬০টি মামলা বিচারাধীন রয়েছে। এসবের মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫০৯টি মামলা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে চট্টগ্রামে ৪ হাজার ৬৩৪টি, ময়মনসিংহে ২ হাজার ১৬৫টি, রাজশাহীতে ১ হাজার ৯৯৬ এবং বগুড়ায় ১ হাজার ৮৯৮টি মামলা বিচারাধীন রয়েছে।

আনিসুল হক বলেন, মামলা নিষ্পত্তির লক্ষ্যে সরকার ৭টি সাইবার ট্রাইব্যুনাল, ১২২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ১৫৯টি যুগ্ম-জেলা জজ আদালত, ১৯টি পরিবেশ আদালত এবং ৬টি পরিবেশ আপিল আদালত প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এছাড়া একই প্রয়োজনে ৩৪৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে।

এমবি