লিখিতভাবে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মন্তব্য প্রতিবেদন লেখা এবং তা প্রকাশ করায় তাদেরকে তলব ও রুল জারি করেছিলেন আপিল বিভাগ।
এ তলবে সকালে হাজির হন মতিউর রহমান ও মিজানুর রহমান খান। তাদের পক্ষে লিখিত ব্যাখ্যা দাখিল করেন ড. কামাল হোসেন।
পরে আদালত তাদেরকে নি:শর্তভাবে ক্ষমা চাইবেন কি-না জানতে চাইলে তারা মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
এরপর লিখিতভাবে ক্ষমা চাইতে হবে বলে উল্লেখ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য তাদেরকে সময় দেন আপিল বিভাগ। এজন্য আদালত কার্যক্রমে বিরতি দেয়া হয়।
বিরতির পর মতিউর ও মিজানুর লিখিতভাবে নি:শর্ত ক্ষমা চাইলে তাদেরকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন আপিল বিভাগ।
গত ১৫ ডিসেম্বরের প্রথম আলোতে ‘প্রধান বিচারপতিকে বেছে নেয়া’ শিরোনামে কলাম লেখেন মিজানুর রহমান খান।
এটি তুলে ধরে ব্যারিস্টার সিরাজুম মুনিরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এ সংক্রান্ত আবেদন করার পর তলবাদেশ ও রুল জারি করেন আপিল বিভাগ।
এআর





