আদালত অবমাননার দায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এক ঘণ্টা কারাদণ্ড ভোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে জরিমানার ৫ হাজার টাকা দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতে তিনি আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

বুধবার ১২টা ৪৯ মিনিটে তিনি স্বেচ্ছায় কাঠগড়ায় গিয়ে অবস্থান নেন। ১টা ৪৯ মিনিটে তার দণ্ডের মেয়াদ শেষ হয়। বুধবার সকালে জাফরুল্লাহকে এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থাকার দণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

ডেভিড বার্গম্যানকে শাস্তি দেয়ার বিষয়ে বিবৃতি দেয়ায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার তাকে এ দণ্ড দেন। এছাড়া এই অভিযোগে অন্য ২২ জনকে সতর্ক করে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, আদেশ দিয়ে ট্রাইব্যুনাল উঠে যাওয়ার পরে আসামির কাঠগড়ায় যেতে রাজি হননি জাফরুল্লাহ। পরে উপস্থিত পুলিশ সদস্যরা জাফরুল্লাহকে আসামির কাঠগড়ায় উঠতে বললেও তিনি তা করেননি। পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার গিয়ে তাকে আদালতের আদেশের কথা বললে, তিনি ওই আদেশ পড়ে তারপর তা পালন করবেন বলে জানান। বেলা ১২টা ৪০ মিনিটে জাফরুল্লাহকে আদেশের লিখিত অনুলিপি পড়তে দেয়া হয়। ১২টা ৪৯ মিনিটে তিনি স্বেচ্ছায় কাঠগড়ায় গিয়ে অবস্থান নেন। ১টা ৪৯ মিনিটে তার দণ্ডের মেয়াদ শেষ হয়।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- আনু মুহাম্মদ, শিরিন হক, আলী আহম্মেদ জিয়া উদ্দিন, সিআর আবরার, লুবনা মারিয়াম, মুক সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্ট্রা, আফসান চৌধুরী, রেহনুমা আহমেদ, শহীদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশে আনাদিল, হানা শামস আহমেদ ও লিছা গাজী।

গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ডের আদেশও দেয়া হয়। এরপর তার সাজার বিষয়ে উষ্মা প্রকাশ করে বিবৃতি দেন এসব বিশিষ্ট নাগরিক।

জেআই