রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ (২৩ জুন) রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহসান চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী এস কে আবু সাঈদ জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, “আসামির বয়স ৬০ বছরের বেশি। তিনি অসুস্থ। জামিন দিলে পালাবেন না।”

অপরদিকে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুল বলেন, “আসামি মুকুল স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করলে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।”

এর আগে, গত ৬ মে জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকের জামিন মঞ্জুর করেন আদালত এবং গত ১১ এপ্রিল অপর আসামি বিএনপি নেতা, ভবনের বর্ধিত অংশের মালিক তাজভীরুলকে জামিন দেন মহানগর হাকিম আদালত।

উল্লেখ্য, গত ২৮ মার্চ দুপুরে বনানীর ২৩ তলা এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মারা যান ২৬ জন। অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে এসএমএইচআই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাজভীরুল ইসলামকে আসামি করে মামলা করেন।

এমবি